ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতির সঠিক চিত্র তুলে ধরতে শেরপুরে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর সরকারি কলেজের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আয়োজনে এবং শেরপুর জেলা পরিসংখ্যান অফিসের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, উপাধ্যক্ষ মো. আক্রাম হোছাইন, সহযোগী অধ্যাপক মো. আজহারুল ইসলাম এবং জেলা সুপারভাইজিং কর্মকর্তা জয়শ্রী পাল।
২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক ও জেলা সুপারভাইজিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জয়শ্রী পাল।
প্রশিক্ষণে জরিপের তথ্য সংগ্রহের পদ্ধতি, প্রশ্নপত্র সঠিকভাবে পূরণ, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের নির্ভুলতা যাচাই এবং তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি সম্পর্কে নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের মাধ্যমে জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নিচ্ছেন।
শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের ৩ দিনের প্রশিক্ষণ শুরু
এই সংবাদটি পঠিত হয়েছে: 41 বার
নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক স্টাফ
এই সাংবাদিকের মোট খবর: 238 টি
মন্তব্য করুন