আর্জেন্টিনা সমর্থক ও ফুটবলারদের প্রতি ম্যাচে জয়ের পর নানা ভাবে নেচে গেয়ে জয় উদযাপন করতে দেখা যায়। বেশিরভাগ মানুষেরই কৌতূহল কি গান গেয়ে নেচে মেসিরা জয় উদযাপন করেন? প্রত্যেক বছরই যে গান গেয়ে উদযাপন করে এবার সেটির সঙ্গে নতুন করে আরেকটি লাইন যুক্ত করেছে তারা।
২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সঙ্গে যেন একাত্ম হয়ে গেছে একটি গান-‘লা কুয়ার্তা এসত্রেয়া’, যার বাংলা অর্থ ‘চতুর্থ তারকা’। গায়ক পালমিতোর গাওয়া এই গান এখন শুধু গ্যালারিতেই নয়, আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমেও প্রতিধ্বনিত হচ্ছে।
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর মাঠেই এই গান গেয়ে উদযাপন করেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। পরে ড্রেসিংরুমেও একই সুরে কণ্ঠ মেলাতে দেখা যায় পুরো দলকে। গানটির কথায় উঠে এসেছে লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা এবং মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জের প্রসঙ্গ।
গানের শুরুতেই আর্জেন্টাইন সমর্থকদের আবেগ ফুটে ওঠে, ‘Soy hincha de La Selección, La aliento con el corazón, Ganamos la tercera con Lionel, Queremos ser campeones otra vez।’
যার অর্থ, ‘আমি জাতীয় দলের সমর্থক, হৃদয় দিয়ে দলকে সমর্থন করি। লিওনেলের হাত ধরে আমরা তৃতীয় বিশ্বকাপ জিতেছি, এবার আবারও চ্যাম্পিয়ন হতে চাই।’
এখানে ২০২২ সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের স্মৃতি তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে চতুর্থ শিরোপা জয়ের প্রত্যাশাও প্রকাশ করা হয়েছে।
গানের আরেকটি অংশে স্মরণ করা হয়েছে দিয়েগো ম্যারাডোনাকে, ‘Y treinta y dos años después, La Scaloneta va a vengar,
La copa que le robaron al Diez, La que no nos dejaron levantar।’
যার অর্থ, ‘৩২ বছর পর, স্কালোনির দল প্রতিশোধ নেবে, ১০ নম্বর (ম্যারাডোনা)-এর কাছ থেকে যে বিশ্বকাপ কেড়ে নেওয়া হয়েছিল, তার প্রতিশোধ নেবে। যে ট্রফিটি আমাদের তুলতে দেওয়া হয়নি।’
এই লাইনটি ১৯৯৪ বিশ্বকাপের ঘটনাকে ইঙ্গিত করে। সে আসরে ডোপ পরীক্ষায় নিষিদ্ধ পদার্থ এফেড্রিন ধরা পড়ায় ম্যারাডোনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছিল। আর্জেন্টিনার অনেক সমর্থক আজও মনে করেন, সেই বিশ্বকাপে ম্যারাডোনার কাছ থেকে অন্যায়ভাবে ট্রফি জয়ের সুযোগ কেড়ে নেওয়া হয়েছিল।
গানের মূল বার্তা ফুটে ওঠে পরের অংশে, ‘Quiero ver la cuarta estrella, Brillar en la camisa, Soy argento de la cuna hasta el cajón।’
যার অর্থ, ‘আমি চতুর্থ তারকাটি দেখতে চাই, আমাদের জার্সিতে সেটিকে উজ্জ্বলভাবে জ্বলতে দেখতে চাই, জন্ম থেকে কবর পর্যন্ত আমি একজন আর্জেন্টাইন।’
এখানে চতুর্থ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার জার্সিতে নতুন একটি তারকা যোগ করার স্বপ্নের কথা বলা হয়েছে।
সবচেয়ে আলোচিত অংশটি হলো শেষ স্তবক, ‘Por Malvinas, por El Diego, Por la última de Leo, Argentina, quiero verte bicampeón।’
যার অর্থ, ‘মালভিনাসের জন্য, দিয়েগো ম্যারাডোনার জন্য, লিওর (মেসির) শেষ বিশ্বকাপের জন্য, আর্জেন্টিনা, আমি তোমাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে দেখতে চাই।’
এখানে মালভিনাস বলতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে বোঝানো হয়েছে, যাকে আর্জেন্টিনা মালভিনাস নামে দাবি করে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল, যেখানে শত শত আর্জেন্টাইন সেনা নিহত হন। সেই জাতীয় স্মৃতিকে ফুটবলের আবেগের সঙ্গে মিলিয়ে গানটিতে তুলে ধরা হয়েছে।
একই সঙ্গে গানটি লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ এবং দিয়েগো ম্যারাডোনার স্মৃতিকে এক সুতোয় গেঁথেছে। তাই ‘লা কুয়ার্তা এসত্রেয়া’ এখন শুধু একটি সমর্থকদের গান নয়, বরং ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার চতুর্থ শিরোপার স্বপ্নের প্রতীক হয়ে উঠেছে।
মন্তব্য করুন