শেরপুর শুক্রবার, 14 আগস্ট 2026
ব্রেকিং নিউজ

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে  শুভেচ্ছা উপহার প্রদান
News Banner

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেধার স্বীকৃতি হিসেবে তিন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন তাঁর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই তিন কৃতি শিক্ষার্থীকে উপহার প্রদান করেন।
এই তিন শিক্ষার্থী হলেন, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে শেরপুর জেলায় প্রথম স্থান অধিকারী শেরপুর আফসার আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী অনুশ্রী রানী দে, সম্পূর্ণ নিজের চেষ্টায় Wollongong University, অস্ট্রেলিয়ায় পড়ার জন্য বৃত্তিপ্রাপ্ত সায়মা তালুকদার এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (DUET) অধ্যায়নের সুবর্ণ সুযোগপ্রাপ্ত মো. আমিনুল ইসলাম। এদের মধ্যে সায়মা শেরপুর সরকারি কলেজ থেকে ইতিপূর্বে কৃতিত্বের সঙ্গে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
বৃহস্পতিবার বিকেলে উপরিউক্ত তিন মেধাবী শিক্ষার্থী জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঙ্গে করেন। এ সময় জেলা প্রশাসক তাঁদের অভিনন্দন জানান এবং তাঁদের গৌরবময় কৃতিত্বের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করেন।
ডিসি ফরিদা ইয়াসমিন মেধাবী শিক্ষার্থী অনুশ্রী রানী দের পড়ালেখায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং আমিনুল ইসলামকে তাঁর উচ্চশিক্ষার পথ সুগম করতে ও ডুয়েটে ভর্তির খরচ নির্বাহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় ডিসি ফরিদা ইয়াসমিন বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতায় শেরপুর জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে এবং মেধার স্বীকৃতি ও স্বপ্নজয়ে জেলা প্রশাসন সবসময় তাঁদের পাশে থাকবে।
এ সময় শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 44 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 83 টি

মন্তব্য করুন