শেরপুরের সময় ডেক্স
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার বিকালে শেরপুর পৌর টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর ও সদর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর -১ আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম রাশেদ।
এসময় তিনি বলেন, ”কত শত শত আমাদের ভাই-বোন জীবন দিয়েছেন। আজকে কেউ বিএনপি করে, কেউ জামায়াতে ইসলামী করে—এই পরিচয় হিসেবে আমি দেখতে চাই না। আমি দেখতে চাই, কোনো মায়ের বুক খালি হয়েছে কি না। আমি দেখতে চাই, কোনো বোন তার স্বামী হারিয়েছে কি না, কোনো বোন ভাই হারিয়েছে কি না, কোনো বাবার সন্তান হারিয়েছে কি না।
সুতরাং আমরা দৃঢ়তার সাথে বলতে চাই—আপনারা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে সরকার গঠন করে একটি নতুন পদক্ষেপের দিকে হাঁটছেন; এদেশের মানুষের জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যারা মনে করছেন ক্ষমতায় দীর্ঘস্থায়ী হবেন, বিগত ১৭ বছরের দিকে আপনাদেরকে তাকানোর জন্য অনুরোধ করছি।
এমপি হাফেজ রাশেদুল ইসলাম আরো বলেন, আজকে গণভোট—এই দেশের সরকারের নতুন দিগন্ত উন্মোচনের জন্য একটি নতুন ফয়সালা হওয়ার কথা ছিল। কিন্তু সেই গণভোটের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে বিলুপ্ত করার জন্য বিল পাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাহলে যদি তাই হয়, তবে তো আপনার সরকারকেও বিলুপ্ত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। যে নির্বাচনের মাধ্যমে মানুষ এর মধ্য থেকে—এই গোটা বাংলাদেশের সমস্ত ভোটারদের মধ্য থেকে ৭০ ভাগ ভোটার ভোট দিয়ে যাকে জয়যুক্ত করল, সেই একই দিনের যে নির্বাচনে আপনারা নির্বাচিত হয়েছেন—যদি অধ্যাদেশের মাধ্যমে আপনি গণভোটকে বিলুপ্ত করেন, তাহলে আমরা আজকের এই আলোচনা সভা থেকে জোর দাবি জানাচ্ছি—সরকারকেও বিলুপ্ত করতে হবে।
তিনি আরো বলেন, যদি আপনারা সাংবিধানিক সংকট তৈরি করতে না চান, তাহলে অবিলম্বে গণভোটকে মেনে নিয়ে এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য উদ্যোগী হবেন ইনশাআল্লাহ।”
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা টাইলস এন্ড স্যানেটারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।







