শেরপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শেরপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
এক ভিডিও বার্তায় এমপি রাশেদুল ইসলাম বলেন, “বছর ঘুরে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস মাহে রমজান আমাদের মাঝে এসেছিল। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা আজ পবিত্র ঈদুল ফিতরের সন্নিকটে উপনীত হয়েছি। এ আনন্দঘন মুহূর্তে আমি আমার প্রিয় শেরপুরবাসী এবং যারা দেশ-প্রবাসে রয়েছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা— ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।”
তিনি সকলের মঙ্গল কামনা করে বলেন, “আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের রোজা কবুল করেন এবং এই ঈদকে আমাদের জন্য শান্তিময় ও সুখময় করেন।”
শুভেচ্ছা বার্তায় এমপি রাশেদুল ইসলাম সমাজের বিত্তবান ও সাধারণ মানুষকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “আমরা যারা শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক বা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, তারা যদি নিজ নিজ অবস্থান থেকে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের হক আদায় করি এবং আনন্দ ভাগাভাগি করে নিই, তবেই সমাজ থেকে সকল সমস্যা দূর করা সম্ভব। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় প্রচেষ্টার পাশাপাশি আমাদের আশেপাশের অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই এবারের ঈদ সার্থক হয়ে উঠবে।”
বক্তব্যের শেষাংশে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, “নতুন বাংলাদেশে আমরা যারা স্বাধীনতা ও অধিকার পেয়েছি, সেই জুলাই চেতনাকে ধারণ করেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হবে। শহীদ ও আহতদের পরিবারের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”
পরিশেষে তিনি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।




