শনিবার (১৪ মার্চ) সকালের দিকে শেরপুরের পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
এসময় শেরপুরে পৌরসভার প্রশাসক উপ-পরিচালক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১(সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আওয়াল চৌধুরী সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতাকর্মী, জেলা, পৌরসভার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, মশার বংশবিস্তার রোধে নিয়মিত খাল-নালা ও ড্রেন পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শেরপুর পৌরসভা কর্তৃক খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর শহরে যানজট নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করেন।





