শেরপুর শহরের নিউ মার্কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক প্রাণি চিকিৎসা ও সেবাকেন্দ্র “Care 4 Paws” পেটশপ। রবিবার (১৫ মার্চ ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুল হক ভূঁইয়া।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমানে মানুষ আগের তুলনায় অনেক বেশি প্রাণিপ্রেমী হয়ে উঠেছে। প্রায় প্রতিটি ঘরেই এখন দেশি-বিদেশি জাতের বিড়াল, কুকুরসহ নানা ধরনের পোষা প্রাণি পালন করা হচ্ছে। তবে সে তুলনায় শেরপুরে পোষা প্রাণির চিকিৎসা ও সেবা পাওয়ার সুযোগ এখনও সীমিত।
তিনি আশা প্রকাশ করেন, Care 4 Paws প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা সেবা দিয়ে পোষা প্রাণির চিকিৎসা ও যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে শেরপুরের গণ্ডি পেরিয়ে দেশব্যাপী তাদের সেবা বিস্তৃত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, ভেটেরিনারি সার্জন ওয়ালিফা জাহান কনা, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক মুগনিউর রহমান মনি, জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, এপেক্স ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট এপে. আব্দুল মান্নান, ট্রেজারার এপে. হাফিজুর রহমান পলাশ এবং আইপিপি এপে. মমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তানভীর হাসান তামীম জানান, এখানে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ভেটেরিনারি সার্জনদের মাধ্যমে প্রাণির চিকিৎসা সেবা প্রদান করা হবে। পাশাপাশি উন্নতমানের বিদেশি ক্যাটফুড, বিভিন্ন ধরনের পেট এক্সেসরিজ বিক্রি, ভ্যাকসিনেশন এবং হোম সার্ভিসের সুবিধাও থাকবে।
তিনি আরও বলেন, কৃষিপ্রধান জেলা হিসেবে শেরপুরে ফসল উৎপাদনের পাশাপাশি গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগির খামার গড়ে তুলে যেন খামারিরা লাভবান হতে পারেন সেজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।





