মোঃ আমিনুল ইসলাম রাজু
শেরপুর জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে শেরপুরে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ বুধবার সকালে সদর উপজেলার ভীমগঞ্জ উচ্চবিদ্যালয় হলরুমে এই সহায়তা প্রদান করা হয়।
শাড়ি ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি এবং বিধবা মহিলাদের প্রত্যেকের হাতে ১৫০০ টাকা করে নগদ অর্থ তুলে দেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এবং বিশিষ্ট সমাজসেবক খাদিম মুহাম্মদ খলিলুর রহমান।
এসময় বক্তারা বলেন, পবিত্র ঈদের খুশিতে যেন সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো শামিল হতে পারে, সেদিকে সবার নজর দেওয়া উচিত। উপহার পেয়ে স্থানীয় উপকারভোগী পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।





