মিজানুর রহমান মিলন, শেরপুর :
শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নে শহীদের নিজ গ্রামে গিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
পাকুরিয়ায় পৌঁছানোর পর এমপি রাশেদুল ইসলাম শহীদ মাহবুব আলমের কবরের পাশে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর তিনি শহীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং শহীদ পরিবারের খোঁজখবর নেন। জুলাই বিপ্লবে মাহবুবের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এমপি রাশেদুল ইসলাম।
এ সময় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের মতো তরুণদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা নতুন করেএকটি স্বাধীনতা পেয়েছি । এই শহীদদের রক্তের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। শহীদ পরিবারগুলোর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।” শহীদের রক্তের ঋণ আমরা ভুলবো না।জুলাইয়ের আকাঙ্ক্ষা, ইনসাফভিত্তিক শেরপুর গড়বো, ইনশাআল্লাহ।
কবর জিয়ারতের সময় শহীদ মাহবুবের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





