মিজানুর রহমান মিলন, শেরপুর:
শেরপুর-১ (সদর) আসনে বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদকে এক বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শপথ গ্রহণ শেষে ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শেরপুরে আগমন উপলক্ষে সদর উপজেলার তারাকান্দি বাজারে কামারিয়া ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কামারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলাম।
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে এমপি বলেন,”শেরপুরের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না। রাস্তা-ঘাট, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে যেখানেই চাঁদাবাজি হবে, সেখানেই সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে। আমরা সবাই মিলে একটি সুন্দর ও চাঁদাবাজমুক্ত শেরপুর গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, অতীতে যেভাবে ঘুষ ও দুর্নীতি চলেছে, তা আর হতে দেওয়া হবে না।
সরকারি অফিস-আদালতকে সাধারণ মানুষের সেবাকেন্দ্রে পরিণত করতে দুর্নীতি বন্ধের কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া শেরপুরকে মাদক ও জুয়ামুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অবহেলিত শেরপুরের উন্নয়নে সাধারণ মানুষকে সাথে নিয়েই কাজ করতে চান নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে আমার দরজা সবসময় খোলা থাকবে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলার জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, কামারিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রহমান সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাজারো সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।





