দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ইত্যাদি।
বৃহস্পতিবার প্রত্যুষে শহীদ দারোগ আলী পৌর পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহরের মাধবপুর এলাকার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল আটটায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম। পরে বিভিন্ন বাহিনী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। এতে বক্তব্য দেন ডিসি তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত এসপি মো. মিজানুর রহমান ভূঞা, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশীদ, শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা প্রমুখ।
আলোচনাশেষে ডিসি তরফদার মাহমুদুর রহমান ও অতিথিরা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন।







