শেরপুরের গারো পাহাড় সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে যুবদলের উদ্যোগে শো-ডাউন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া মোড় থেকে এই শো-ডাউন শুরু করা হয়। শেরপুরের তিন উপজেলা ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ এবং নাশকতা কর্মকান্ডের প্রতিরোধে জেলা যুবদলের উদ্যোগে এই মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়।
পরে জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর, মধুটিলা, বারোমারি, গজনী, তাওয়াকুচা, বালিজুরি হয়ে জেলার শেষ প্রান্ত কর্ণজোড়া বাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত সড়কে এই মোটরসাইকেল শোডাউন প্রদক্ষিণ করে।
এ সময় যুবদল নেতাকর্মীরা স্থানীয় সীমান্তবাসীদেরকে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ এবং নাশকতা ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন এর উদ্যোগে অনুষ্ঠিত শোডাউনে জেলা ও নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং শ্রীবরদী উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।