শেরপুরের সদর উপজেলায় জয়বাংলা' স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন এলাকায় সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন এলাকায় শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কের পাশে একদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সদর থানার নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমানসহ ৫ জন। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় আমাদের নিয়মিত টহল ছিল। এ সময় স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।