শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৬ সেপ্টেম্বর শনিবার ভোরে উপজেলার সীমান্তবর্তী খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।
জানা যায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোরে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী খ্রিস্টানপাড়া এলাকায় বিজিবির তাওয়াকুচা ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।