স্থাপিত: ২০১৯ শনিবার, 26 সেপ্টেম্বর 2026 শেরপুর, বাংলাদেশ

দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের বিভিন্ন সদস্য দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হলে তা প্রতিহত করতে শেরপুর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।
সমাবেশে জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।