পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাধবপুর এলাকাতে ও পণ্ডিত এফ, রহমান সড়কের দুপাশে-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানের স্লোগান ছিল 'পরিচ্ছন্ন শেরপুর গড়তে আসুন—নিজে পরিচ্ছন্ন থাকি, অন্যকেও সচেতন করি।'
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন-এর নেতৃত্বে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শেরপুর সদর—আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) শেরপুর সদর—মো. মাহমুদুল হাসান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন Clean Up Bangladesh,
বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজন।
সকলের সম্মিলিত অংশগ্রহণে আজকের অভিযানটি জোরদার, দৃশ্যমান ও অন্তর্ভুক্তিমূলকভাবে পরিচালিত হয়। একইসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত ও কার্যকরভাবে অব্যাহত রাখা এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।