শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর ফরিদা ইয়াসমিন।
সভায় প্রধান অতিথি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে সারা পৃথিবীতেই এমন কোনো নজির নেই। কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও নেতারা সবাই একসাথে পালিয়েছে এমন নজিরও নেই। এটিই প্রথম নজির।
তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে চিন্তা করছেন- এগুলো দুরাশা। বরং তাদের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া করা দরকার।
বিমান মন্ত্রী বলেন, ময়মনসিংহ ছাড়া ৭ বিভাগে দেশে ৮টি বিমানবন্দর চলমান রয়েছে। সেগুলোর মধ্যেই কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে আমাদের অনেকগুলো এয়ারক্রাফট আসছে। ১০ বছরের মধ্যে আমাদের নতুন একটি বিমানবন্দর করতে হবে। সেক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথাবার্তা চলছে। যেগুলো ঘন্টায় সাড়ে ৩শ কিলোমিটার বেগে চলে। আমাদের স্পিড আরও কম হলেও চলবে।
সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য (শেরপুর-৩) মোঃ মাহমুদুল হক রুবেল, সংসদ সদস্য (শেরপুর-২) মো: ফাহিম চৌধুরী, সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৩১৫) সানসিলা জেবরিন, পুলিশ সুপার, শেরপুর এ কে এম জহিরুল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ এ বি এম মামুনুর রশিদ পলাশ, উপপরিচালক, স্থানীয় সরকার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপপরিচালক, এনএসআই, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, সভাপতি, প্রেসক্লাব, জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শেরপুর জেলায় আগমন করলে জেলা প্রশাসক তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। একইসাথে পুলিশ সুপার এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রী মহোদয় মত বিনিময় করেন। এরপর জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।