স্থাপিত: ২০১৯ শুক্রবার, 04 সেপ্টেম্বর 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম  আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। 
শুক্রবার সকালে জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আয়োজনে শহরের গোপালবাড়ী এলাকার গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোরেরা রাধা-কৃষ্ণ সেজে অংশ নেয়।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের  আহ্বায়ক জিতেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ,  জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রূপন, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব সুব্রত কুমার দে, বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
এদিকে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অর্চনা করা হয়। এ সময় দেশ-জাতি ও সারা বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে বিপুলসংখ্যক হিন্দু পূণ্যার্থী দিনব্যাপী উপবাসব্রত পালন করেন।