গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর উপজেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক( উপসচিব) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ এবং উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন কর্মসূচির আওতায় কুম্ভি, বহেরা, রুদ্রপলাশ, পলাশ, হরিতকি, বহেড়া, জারুল, জাকারান্ডা, কৃষ্ণচূড়া, নিম, কাঞ্চনসহ প্রায় ১০০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ-সুন্দর শেরপুর গড়ে তুলতে বৃক্ষরোপণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আশা ব্যক্ত করেন।