স্থাপিত: ২০১৯ রবিবার, 07 জুন 2026 শেরপুর, বাংলাদেশ

রামিসা হত্যার বিচার: আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

রামিসা হত্যার বিচার: আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৭ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় তিনি এ ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি মামলার তদন্ত কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন, সব মামলার বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং প্রকৃত দোষীরা আইন অনুযায়ী শাস্তি পাবে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত সদস্যরাও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন এবং অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সভায় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার আলোচিত মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। 
দণ্ডের পাশাপাশি আসামি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।