স্থাপিত: ২০১৯ সোমবার, 11 মে 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

স্টাফ রিপোর্টার 
​শেরপুরঃ শেরপুর জেলা কারাগারের সার্বিক পরিবেশ ও বন্দিদের সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ১১ মে (সোমবার) তিনি জেলা কারাগার পরিদর্শনে যান।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বন্দিদের আবাসন ব্যবস্থা, খাবারের মান এবং চিকিৎসাসেবাসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এসময় তিনি কারাবন্দিদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। প্রতিকারযোগ্য সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কারাগারকে কেবল শাস্তি প্রদানের স্থান হিসেবে না দেখে একে পরিবর্তনের কেন্দ্র হিসেবে উল্লেখ করে ফরিদা ইয়াসমিন বলেন, “কারাগারসমূহ শুধু বন্দীশালা নয়, বরং এগুলোকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে হবে। বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।”
​এর আগে জেলা প্রশাসক কারা প্রাঙ্গণে পৌঁছালে তাকে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সুসজ্জিত একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেল সুপার শাহ ফখরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত জেলার মুহাম্মদ আব্দুস সেলিমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।