শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম ও
হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা ও ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরী এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মাটিফাটা এলাকার কমল মিয়ার বাড়ির সামনে থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আলোচিত মাদক ব্যবসায়ী মৃত নছিম উদ্দিনের ছেলে কমল মিয়া (৪০) ও তার সহযোগী ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রিস আলী( ৫২) কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে ভেলুয়া ইউনিয়নের লক্ষী ডাংরী ব্রিজের উত্তর পাশে নুরুল ইসলামের চায়ের দোকান থেকে ৫ গ্রাম হেরোইন সহ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা নামাপাড়া গ্রামের মৃত আখের বক্সের ছেলে মজনু মিয়া (৫২) কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
রবিবার দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম রবিবার দুপুরে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত কমল সীমান্ত জনপদের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকেই সে মাদক ব্যবসা করে আসছিল, মনজু মিয়া ইসলামপুরের বাসিন্দা হলেও সে শ্রীবরদী থানা এলাকায় এসে মাদক ব্যবসা করে থাকে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। মাদক মুক্ত শ্রীবরদী গড়তে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।